২০২৬ বিশ্বকাপে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পতাকা প্রদর্শন, সমর্থকদের বৈষম্যমূলক আচরণ এবং ফাইনালের পর খেলোয়াড়দের সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনা জাতীয় দল ও দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) বড় ধরনের শাস্তি দিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। খবর টিওয়াইসি স্পোর্টসের।
ফিফা জানিয়েছে, ঘটনাগুলো নিয়ে 'কঠোর বিশ্লেষণ' শেষে এএফএকে মোট ৩ লাখ ২১ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ব্যানার প্রদর্শন, রাজনৈতিক বার্তা প্রচার, দলের অনিয়মিত আচরণ, সমর্থকদের বর্ণবাদী স্লোগান এবং ম্যাচের নিরাপত্তা-সংক্রান্ত বিধি ভঙ্গের অভিযোগে এই শাস্তি দেয়া হয়েছে।
পাশাপাশি পরবর্তী দুটি হোম ম্যাচে দর্শকসংখ্যা সীমিত রাখার নির্দেশ দিয়েছে ফিফা। প্রথম ম্যাচ হবে ৫০ শতাংশ দর্শক নিয়ে; দ্বিতীয় ম্যাচের শাস্তি স্থগিত রাখা হয়েছে। জরিমানার মধ্যে ১ লাখ ডলার বৈষম্যবিরোধী কর্মসূচিতে ব্যয় করতে হবে।
ফাইনালের পর সংঘর্ষে কঠোর শাস্তি পেয়েছেন বেশ কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার। লিয়ান্দ্রো পারেদেস ১০ ম্যাচ নিষেধাজ্ঞা ও ৯০ হাজার ডলার জরিমানা পেয়েছেন। নাহুয়েল মোলিনা ৭ ম্যাচ নিষেধাজ্ঞা ও ৯০ হাজার ডলার জরিমানা পেয়েছেন। থিয়াগো আলমাদা এক ম্যাচ নিষিদ্ধ ও ৩০ হাজার ডলার জরিমানা হয়েছেন। কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালা পেয়েছেন তিন ম্যাচ নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা। স্পেনের পাবলো মার্তিন পায়েস গাভিও এক ম্যাচ নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা পেয়েছেন।
ফিফার নিয়ম অনুযায়ী, এসব নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট জাতীয় দলের পরবর্তী ম্যাচগুলোতে কার্যকর হবে। সিদ্ধান্তের বিরুদ্ধে ১০ দিনের মধ্যে আবেদন ও আপিলের সুযোগ রয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!