উৎসবের রঙে সাজছে...
বিনোদন

কিশোরগঞ্জে ‘অ্যাশেজ’ ব্যান্ডের কনসার্ট স্থগিত

কিশোরগঞ্জে ‘অ্যাশেজ’ ব্যান্ডের কনসার্ট স্থগিত
লেখা বড়/ছোট করুন:

কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে আজ বুধবার (১৯ আগস্ট) ব্যান্ড ‘অ্যাশেজ’-এর কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইমাম-উলামা পরিষদ ও স্থানীয় ধর্মীয় নেতাদের আপত্তি এবং প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত কনসার্টটি স্থগিত করা হয়েছে।

জানা গেছে, কনসার্ট আয়োজনের বিষয়টি নিয়ে ইমাম-উলামা পরিষদের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। তাদের অভিযোগ, কনসার্টে গান-বাজনার আয়োজন শরিয়তবিরোধী। এ কারণে তারা অনুষ্ঠানটি বন্ধের দাবি জানান।

কিশোরগঞ্জ সদর উপজেলা ইমাম-উলামা পরিষদের নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে শরিয়তবিরোধী গান-বাজনা ও কনসার্ট বন্ধের দাবি জানান। স্মারকলিপিতে বলা হয়, পুরাতন স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্টে ইসলামী শরিয়তবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা উল্লেখ করেন, অতীতে প্রশাসনের অনুমতি নিয়েও স্থানীয় ধর্মপ্রাণ জনতা ও উলামায়ে কেরামের বিরোধিতায় এ ধরনের অনুষ্ঠান আয়োজন সম্ভব হয়নি। এবারও কনসার্ট আয়োজন করা হলে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

স্মারকলিপির অনুলিপি কিশোরগঞ্জের পুলিশ সুপার ও সংশ্লিষ্ট দপ্তরেও দেয়া হয়েছে বলে জানান তারা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন কনসার্টটি স্থগিতের সিদ্ধান্ত নেয়।

কনসার্ট স্থগিতের বিষয়টি নিশ্চিত করে ‘অ্যাশেজ’ ব্যান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানায়, প্রশাসনের পক্ষ থেকে কিছু অনাকাঙ্ক্ষিত কারণে কনসার্ট স্থগিত করা হয়েছে। তারা আশা প্রকাশ করে আবার দেখা হবে বলে। তবে কনসার্টটি পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো নতুন কোনো তারিখ জানানো হয়নি।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!