বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার কাভান সুলিভান মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস গড়েছেন। দ্বিতীয়ার্ধে গোল করে ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড টানা চার ম্যাচে গোল বা অ্যাসিস্ট করার কৃতিত্ব অর্জন করেছেন। তার গোলের সুবাদে শনিবার (২৯ আগস্ট) রাতে নিউইয়র্ক রেড বুলসকে ৩-১ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন।
ম্যাচের ৫০তম মিনিটে গোল করে সুলিভান ফিলাডেলফিয়াকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। এটি চলতি মৌসুমে তার তৃতীয় গোল (পেশাদার ক্যারিয়ারে ৩৪ ম্যাচে তৃতীয়) এবং টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন তিনি।
এমএলএসের ইতিহাসে ১৬ বছর বয়সী কোনো খেলোয়াড় হিসেবে এই প্রথম টানা চার ম্যাচে গোল বা অ্যাসিস্ট করার নজির গড়েছেন সুলিভান। লিগের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে তিনি এই কীর্তি অর্জন করেছেন। তথ্য ফক্স স্পোর্টসের।
ফিলাডেলফিয়ার অন্য গোলদাতারা: মিলান ইলোস্কি (২১তম মিনিটে, ক্যারিয়ার-সেরা ১১তম গোল), নিল পিয়ের (৬৫তম মিনিটে, সাত ম্যাচে চতুর্থ গোল)। নিউইয়র্কের একমাত্র গোলটি করেন এরিক ম্যাক্সিম চুপো-মোটিং (৭৪তম মিনিটে, চলতি মৌসুমে তৃতীয়)।
ফিলাডেলফিয়ার গোলরক্ষক আন্দ্রে ব্লেক তিনটি সেভ করেন। আগস্ট মাসে ইউনিয়নের রেকর্ড এখন ৩ জয়, ২ ড্র ও কোনো হার নেই। অন্যদিকে রেড বুলস টানা চার ম্যাচে জয়হীন (৩ হার, ১ ড্র)।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!