ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনাকে ইউরোপিয়ান সুপার লিগের পরিকল্পনার চেয়েও 'খারাপ' বলে মন্তব্য করেছেন উয়েফা সভাপতি আলেক্সান্দার চেফেরিন। একইসঙ্গে ইনফান্তিনোকে মনে করিয়ে দিয়েছেন, তিনি নিজেও একজন ইউরোপীয় এবং ফিফা সভাপতি হওয়ার পথে উয়েফার সমর্থন তিনি ভুলে গেছেন। প্রতিবেদন বিবিসির।
চেফেরিনের অভিযোগ, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে নতুন কোম্পানি গঠন করে ফিফার প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিটিং স্বত্ব পরিচালনার পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। তবে উয়েফাসহ সদস্য দেশগুলোর বিরোধিতায় চলতি মাসের শুরুতে পরিকল্পনা বাতিল করে ফিফা; উয়েফার সদস্যরা পরিকল্পনা বাস্তবায়িত হলে বিশ্বকাপ বয়কটের হুমকিও দিয়েছিলেন।
চেফেরিন বলেন, 'আমার মনে হয়, এই পরিকল্পনা সুপার লিগের পরিকল্পনার চেয়েও খারাপ।' তার বিশ্বাস, পরিকল্পনাটি আর ফিরবে না। তিনি জানান, ফিফার ওই পরিকল্পনা সম্পর্কে উয়েফাকে আগে থেকে কিছু জানানো হয়নি; গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পারেন তিনি এবং ইনফান্তিনো এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করেনি।
চেফেরিন বলেন, 'আমার মনে হয়, কারও তাকে মনে করিয়ে দেওয়া উচিত যে সে একজন ইউরোপীয়। তাকে সমর্থন করেছিল উয়েফা; যেটা সে ভুলে গেছে।' ইনফান্তিনো প্রায় ১৬ বছর উয়েফায় কাজ করেছেন, যার মধ্যে নয় বছর সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২০২৭ সালের মার্চে ফিফা কংগ্রেসে চতুর্থ মেয়াদের জন্য প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তবে তার বিপরীতে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন চেফেরিন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!