উৎসবের রঙে সাজছে...
খেলাধুলা

৩৫ বছরেই অবসরের ঘোষণা দিলেন বার্সায় মেসির সাবেক সতীর্থ

৩৫ বছরেই অবসরের ঘোষণা দিলেন বার্সায় মেসির সাবেক সতীর্থ
লেখা বড়/ছোট করুন:

বার্সেলোনায় লিওনেল মেসির সাবেক সতীর্থ স্প্যানিশ উইঙ্গার ক্রিস্টিয়ান তেলো মাত্র ৩৫ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনার জার্সিতে খেলেছেন তেলো। লা মাসিয়ার এই গ্র্যাজুয়েট ছয়টি দেশে মোট ৫১২ ম্যাচ খেলেছেন। তার ক্যারিয়ারে মেসির অবদান ছিল অন্যতম। লা লিগায় তার প্রথম গোলটি এসেছিল মেসির থ্রু পাস থেকে। এমনকি কোপা দেল রেতে তার প্রথম হ্যাটট্রিকের তিনটি গোলের রূপকারও ছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা।

বার্সেলোনার হয়ে এক লা লিগাসহ মোট ৩টি ট্রফি জেতেন তেলো। কাতালানদের জার্সিতে নিজের পরিচয় জানান দেওয়ার পর তিনি খেলেছেন রিয়াল বেতিস, পোর্তো, ফিওরেন্তিনা, লস অ্যাঞ্জেলস এফসির মতো খ্যাতনামা ক্লাবে। মাঝে সৌদি আরবের আল ফাতেহ ও আল ওবোরাহতে খেলে ২০২৫ সালের অক্টোবরে যোগ দেন সংযুক্ত আরব আমিরাতের পাম সিটি এফসিতে। সেখানেই তিনি নিজের ফুটবল অধ্যায়ের ইতি টানলেন।

রোববার (৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত জানান এই উইঙ্গার। বিদায় বেলায় পেশাদার ফুটবলের দীর্ঘ যাত্রার নানান উত্থান-পতন স্মরণ করে পরিবার, সতীর্থ ও ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তেলো।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘আমার জীবনের একটি অংশকে বিদায় বলার সময় আজ। অনেক বছর, অনেক ম্যাচ, অনেক ড্রেসিংরুম, অনেক আনন্দ ও কঠিন মুহূর্তের পর পেশাদার ফুটবলে ইতি টানার সময় হয়েছে। ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। যে স্বপ্নগুলো পূরণ অসম্ভব মনে হচ্ছিল, সেগুলোই বাস্তব হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি এমন কিছু জার্সি পরার সৌভাগ্য লাভ করেছি যা আমার কাছে সবকিছুর চেয়ে মূল্যবান। এই যাত্রাপথটি সতীর্থ, কোচ, ক্লাব কর্মকর্তা, বন্ধু এবং সর্বোপরি আমার পরিবারের সাথে ভাগ করে নিতে পেরেছি। পেশাদার ফুটবলার হিসেবে আমার সময় শেষ হয়েছে আজ। কিন্তু ফুটবল আমাকে যা শিখিয়েছে, তা আমার সঙ্গে থাকবে আজীবন।’

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!