নতুন মৌসুমে মাঠে নামার আগেই নিজের চেহারায় বড় পরিবর্তন এনেছেন আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকারের পরিচিত লম্বা সোনালি চুল নেই—ছেঁটে ফেলেছেন একেবারে ছোট করে। তবে এই নতুন রূপ যতটা পছন্দ হয়েছে তার নিজের, ততটা মনঃপূত হয়নি দীর্ঘদিনের সঙ্গী ইসাবেল হাভগসেং জোহানসেনের। চুল কাটতে দেখে তার মন্তব্য, 'আমার তো কান্না পাচ্ছে।'
গত চার বছর ধরে লম্বা চুল ছিল হালান্ডের পরিচয়ের অন্যতম অংশ—ভাইকিং যোদ্ধাদের আদলে রাখা সেই চুল মাঠে আলাদা করে নজর কাড়ত। কিন্তু নতুন মৌসুমের প্রথম ম্যাচের কয়েক ঘণ্টা আগে সেই চেহারায় এলো বড় পরিবর্তন।
রোববার (২৩ আগস্ট) নিজের ইউটিউব চ্যানেলে নতুন লুকের ভিডিও প্রকাশ করেন হালান্ড। সেখানে প্রেমিকাকে অবাক হতে দেখা যায়; একপর্যায়ে কাটা চুল হাতে নিয়ে তিনি বলেন, 'ও মাই গড!' এরপর জানান, এই পরিবর্তন দেখে তার কান্না পাচ্ছে এবং সকালে ঘুম থেকে উঠে হয়তো হালান্ডকে চিনতেই কষ্ট হবে—পাশে অন্য কেউ শুয়ে আছে মনে হতে পারে।
তবে প্রেমিকার প্রতিক্রিয়ায় বিচলিত নন হালান্ড; নিজের নতুন 'রাফ অ্যান্ড টাফ' লুকে তিনি সন্তুষ্ট। বোর্নমাউথের বিপক্ষে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে এই নতুন চেহারায় নামেন তিনি। যদিও গোল না পেলেও তার দল ২-১ ব্যবধানে জয় পায়। এবার দেখার বিষয় নতুন লুকের সঙ্গে নতুন মৌসুম কতটা স্মরণীয় করে তুলতে পারেন তিনি।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!