ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে আসন্ন ব্যালন ডি’অর জয়ের অন্যতম যোগ্য দাবিদার মনে করছেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার গ্যারি লিনেকার। বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে কেইনের দুর্দান্ত গোলস্কোরিং ফর্ম দেখে লিনেকারের বিশ্বাস, তরুণ তারকা লামিনে ইয়ামালকে পেছনে ফেলে এই মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার জিততে পারেন ইংলিশ ফরোয়ার্ড। খবর গোল ডটকমের।
কেইনের সাম্প্রতিক পারফরম্যান্সকে ‘অসাধারণ’ হিসেবে বর্ণনা করেছেন লিনেকার। বায়ার্নের হয়ে চলতি মৌসুমে সাত ম্যাচে ছয় গোল করেছেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। এর আগে গত মৌসুমে জার্মান ক্লাবটির হয়ে ৬১ গোল করার পাশাপাশি ইংল্যান্ডের হয়ে আরও ১২টি গোল করেছিলেন তিনি।
জাতীয় দলের হয়েও দুর্দান্ত ছন্দে রয়েছেন কেইন। সম্প্রতি চেক প্রজাতন্ত্রের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে জোড়া গোল করে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে জয় এনে দেন তিনি। একই ম্যাচে পিটার শিল্টনের ১২৫ ম্যাচের জাতীয় দলের রেকর্ডেও ভাগ বসান কেইন।
স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত লিডার্স উইক সম্মেলনে কেইনের প্রশংসায় পঞ্চমুখ হন লিনেকার। তার মতে, কেইন শুধু গোল করার দক্ষতার কারণেই বিশেষ নন; মাঠে তার সামগ্রিক অবদানও অসাধারণ।
লিনেকার বলেন, ‘হ্যারি কেইন যা করেছে, তা সত্যিই অবিশ্বাস্য। সে অসাধারণ একজন ফিনিশার। দুই পায়েই তার নিখুঁত দক্ষতা রয়েছে।’
নিজের খেলার সঙ্গে কেইনের তুলনা করে লিনেকার আরও বলেন, ‘সে শুধু পেনাল্টি বক্সের খেলোয়াড় নয়। আমি অনেকটা সামনে অপেক্ষা করতাম এবং সুযোগ পেলে গোল করতাম। কিন্তু কেইনকে আপনারা পেছনে নেমে রক্ষণ সামলাতেও দেখেছেন। সে একজন অসাধারণ ফুটবলার, ভীষণ বুদ্ধিমান এবং দারুণ একজন মানুষ।’
ইংল্যান্ডের জার্সিতে ইতোমধ্যেই নিজেকে দেশটির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন কেইন। জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা এখন ৯১। চলতি বছর বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার তালিকায় গ্যারি লিনেকারকেও ছাড়িয়ে গেছেন তিনি।
কেইনের ধারাবাহিক সাফল্যকে ব্যালন ডি’অর জয়ের যথেষ্ট কারণ মনে করেন লিনেকার, ‘আমি চাই সে ব্যালন ডি’অর জিতুক। আমাদের কখনো ব্যালন ডি’অর বিজয়ী ছিল না। মাইকেল ওয়েন ও কেভিন কিগানের মতো আগের ইংলিশ বিজয়ীরা ইউরোপিয়ান ফুটবলার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছিলেন। তাই কেইনের হাতে ব্যালন ডি’অর উঠলে সেটা সত্যিই প্রাপ্য হবে।’
তবে কেইনের সামনে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি দেখছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে। লিনেকারের ভাষায়, ‘এটা হয়তো কেইন অথবা লামিনে ইয়ামালের মধ্যে একজন জিতবে। আশা করি কেইন ব্যালন ডি’অর জিতবে। আর তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, একদিন সে যেন ইংল্যান্ডের হয়ে কোনো শিরোপা জিততে পারে।’
আসন্ন ব্যালন ডি’অরের ৭০তম আসর অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর। বিশেষ তাৎপর্য হিসেবে এবারের অনুষ্ঠান আয়োজন করা হবে লন্ডনে। ব্যালন ডি’অরের ইতিহাসে প্রথম বিজয়ী ইংলিশ ফুটবল কিংবদন্তি স্যার স্ট্যানলি ম্যাথিউজকে সম্মান জানাতেই লন্ডনকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!