ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট পেয়েছেন খালেদ আহমেদ। ম্যাচে ৮ উইকেট নিয়ে নিজের সামর্থ্য বেশ ভালোভাবে দেখিয়েছেন এই পেসার। সুযোগ ছিল হ্যাটট্রিকেরও। কিন্তু সেই কথা ভুলে যান এই পেসার।
কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টুতে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে কেন্টের চলমান চার দিনের ম্যাচের প্রথম ইনিংসের শেষ ২ বলে ২ উইকেট নিয়েছিলেন খালেদ। হ্যাটট্রিকের জন্য দ্বিতীয় ইনিংসের প্রথম বলে নিতে হতো উইকেট। কিন্তু প্রথম বলে কোনো জোরই দেননি তিনি। দ্বিতীয় বল ব্যাটসম্যানকে খেলতে বাধ্য করে স্লিপে তালুবন্দি করান।
অথচ প্রথম বলটা পরিকল্পনা মাফিক করলে হয়তো উইকেট পেয়েও যেতে পারতেন। হ্যাটট্রিকটাও হয়ে যেত। মজার বিষয়, খালেদ নাকি হ্যাটট্রিকের কথাই ভুলে গিয়েছিলেন! নিজেই স্বীকার করেছেন সেই কথা। কেন্টের দেওয়া পোস্ট থেকে জানা গেল, তার সতীর্থ উইকেট পাওয়ার পর তাকে হ্যাটট্রিকের কথা বলেছিলেন। এ প্রসঙ্গে বাংলাদেশের পেসার বলেন, 'হ্যাঁ, আমি এটা ভুলে গিয়েছিলাম! কেউ একজন আমাকে বলেছে, "তুমি হ্যাটট্রিক মিস করেছ।" অবশ্যই আমি হ্যাটট্রিক করতে চেয়েছিলাম। তবে দলের সবাই আমার পারফরম্যান্সের প্রশংসা করেছে, এতেই আমি খুব খুশি।'
হ্যাটট্রিক না পেলেও ৮ উইকেট নিয়ে খুশি খালেদ। নিজের পারফরম্যান্সে উচ্ছ্বসিত এই বোলার জানিয়েছেন, ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বল করার প্রক্রিয়ায় স্থির থাকার ফলেই এসেছে সাফল্য।
ম্যাচ শেষে নিজের বোলিং নিয়ে খালেদ বলেন, 'আমি খুব খুশি। শুরু থেকেই চেষ্টা করি সঠিক চ্যানেলে বল করতে এবং সময়ের সঙ্গে সঙ্গে নিজের প্রক্রিয়ার প্রতি কঠোর থাকতে। প্রথম স্পেলটা বেশ ধীরগতির ছিল। তবে লাঞ্চের পর বল কিছুটা ভালোভাবে আসতে শুরু করে।'
দলের বোলিং পরিকল্পনা নিয়েও কথা বলেছেন খালেদ। তিনি জানান, সতীর্থদের সঙ্গে জুটি বেঁধে বোলিং করার ফলেই উইকেট পাওয়া সম্ভব হয়েছে। তার ভাষায়, 'আমরা পার্টনারশিপে বোলিং করছিলাম। এরপর উইকেট আসতে শুরু করে।'
খালেদ আরও জানিয়েছেন, সতীর্থ হাসান মাহমুদকে মিস করছেন তিনি। তবে দূরে থেকেও হাসান তাকে শুভকামনা জানিয়েছেন, 'আমি হাসানকে মিস করছি। তবে সে আমাকে একটি ভিডিও পাঠিয়ে শুভকামনা জানিয়েছে,' বলেন খালেদ। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ৮ উইকেট নিয়ে খালেদের এই পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কেন্ট এই ম্যাচ জয়ের পথে। ম্যাচ জিতলে খালেদ হতে পারেন প্লেয়ার অব দ্য ম্যাচও।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!