ব্যালন ডি'অর নিয়ে কিলিয়ান এমবাপ্পের সাম্প্রতিক মন্তব্য ঘিরে ফ্রান্স দলে তৈরি হয়েছে বিভক্তি। সবচেয়ে বেশি ক্ষুব্ধ বর্তমান ব্যালন ডি'অরজয়ী উসমান দেম্বেলে ও তার ঘনিষ্ঠ সতীর্থরা। গোল ডটকমের প্রতিবেদন বলছে, পরবর্তী ম্যাচের আগে এই বিতর্কে ফ্রান্সের ড্রেসিংরুমেও ছাপ পড়েছে বিভেদের।
দুই তারকার সাম্প্রতিক কথার লড়াইয়ের জেরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর আগে দেম্বেলে প্রসঙ্গে এমবাপ্পে বলেছিলেন, তাকে সব সময় 'নির্বাচিত একজন' হিসেবে দেখা হয়েছে। একইসঙ্গে চোটের কারণে দেম্বেলের ক্যারিয়ার ভিন্ন পথে এগিয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।
এমবাপ্পের এই বক্তব্যের জবাব দিতে সময় নেননি দেম্বেলে। ব্রেস্তের বিপক্ষে পিএসজির জয়ের পর তিনি বলেন, 'আমি কখনও নির্বাচিত একজন হিসেবে ছিলাম না। আমি পরিশ্রম করেছিলাম এবং প্যারিসের সঙ্গে চমৎকার বছর পার করার পুরস্কার পেয়েছিলাম।'
প্রতিবেদন অনুযায়ী, দেম্বেলের এই ক্ষ হঠাৎ তৈরি হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে অধিনায়ক এমবাপ্পের বিভিন্ন বক্তব্যে বিরক্ত হলেও এতদিন প্রকাশ্যে নীরবই ছিলেন তিনি। এবার সেই নীরবতা ভেঙে গেছে।
সাবেক ফরাসি ফুটবলার ও বিশ্লেষক জেরাম রোথেনের মতে, এমবাপ্পের সর্বশেষ মন্তব্য দেম্বেলেকে ভীষণভাবে আঘাত করেছে। তার ধারণা, জাতীয় দলের সতীর্থদের প্রতি এমবাপ্পের এমন মন্তব্যকে অবজ্ঞা হিসেবেই নিয়েছেন দেম্বেলে।
আরএমসি স্পোর্টকে পরিস্থিতির তীব্রতা বোঝাতে রোথেন বলেন, 'দেম্বেলে এটাকে খুব খারাপভাবে নিয়েছেন, এটা নিশ্চিত। কিলিয়ানের ওপর ভীষণ ক্ষুব্ধ তিনি। এটা তার কাছে একধরনের বিশ্বাসঘাতকতা। কথাগুলো খুবই কঠোর, কিন্তু এভাবেই তিনি এটাকে দেখছেন।'
এমন প্রতিক্রিয়ায় এমবাপ্পেও পুরোপুরি অপ্রস্তুত হয়ে পড়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে অসন্তোষ শুধু দেম্বেলের মধ্যেই সীমাবদ্ধ নেই। জাতীয় দলের আরও কয়েকজন খেলোয়াড়ও অধিনায়কের মন্তব্যে বিরক্ত হয়ে পড়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্যালন ডি'অর নিয়ে সংবাদমাধ্যমের টানা আলোচনায় ফরাসি শিবিরে খেলোয়াড়দের মধ্যে তৈরি হচ্ছে বিভ্রান্তি ও দূরত্ব।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!