ফুটবল বিশ্বের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা করেছিল একটি অপরাধী চক্র। সম্ভাব্য শিকার হিসেবে রাখা হয়েছিল আরও ২৫ জনকে। তবে পরিকল্পনা বাস্তবায়নের আগেই ফ্রান্সের পুলিশের তদন্তে চক্রটির কর্মকাণ্ড সামনে আসে। এ ঘটনায় কারাগারে থাকা ১৮ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, 'ক্লেমঁ এল' নামের ওই তরুণ 'লেস্টার জেড' ছদ্মনামে একটি অপরাধী নেটওয়ার্ক পরিচালনা করতেন। সশস্ত্র ডাকাতি ও দালালির মামলায় তিনি আগে থেকেই কারাগারে ছিলেন। বন্দী অবস্থাতেও স্ন্যাপচ্যাটের মাধ্যমে চক্রের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতেন।
গত এপ্রিলে একটি বিলাসবহুল ঘড়ির দোকানে ডাকাতির তদন্ত করতে গিয়ে পুলিশ গুরুত্বপূর্ণ সূত্র পায়। অভিযুক্ত তরুণের দুটি মুঠোফোন পরীক্ষা করে একটি তালিকা উদ্ধার করা হয়, যেখানে ২৬ জন ব্যক্তির নাম, ঠিকানা ও বিভিন্ন তথ্য ছিল—যাদের সম্ভাব্য অপহরণের লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছিল চক্রটি। তালিকায় ফুটবলার, র্যাপ সংগীতশিল্পী ও বিপুল সম্পদের মালিক ব্যবসায়ী ছিলেন, যার মধ্যে সবচেয়ে পরিচিত নাম এমবাপ্পে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!