২০২৫ সালে ব্যালন ডি'অর জিতেছিলেন উসমান দেম্বেলে। ফরাসি তারকা এবারও আছেন ফুটবলের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কারের সংক্ষিপ্ত ৩০ জনের তালিকায়। কিন্তু পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতলেও এবার তার বিজয়ী হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে এবার নিজের হাতে বেছে নেওয়ার সুযোগ থাকলে নিজেকে ভোট না দিয়ে অন্য তিন তারকাকে এগিয়ে রাখবেন বলে জানিয়েছেন এই উইঙ্গার।
সম্প্রতি ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সেই তিন পছন্দের কথা তুলে ধরেন ২৯ বছর বয়সী দেম্বেলে। সুযোগ থাকলে কোন খেলোয়াড়কে ব্যালন ডি'অর দিতেন, এমন প্রশ্নে পিএসজি সতীর্থ ও জর্জিয়ান তারকা খভিচা কভারাৎস্খেলিয়াকে নিজের ভোট দিয়েছেন তিনি। সেরা তিনের বাকি দুজন ইংল্যান্ডের হ্যারি কেইন ও স্বদেশি ফ্রান্সের সতীর্থ কিলিয়ান এমবাপ্পে।
নিজের নাম তালিকায় রাখা নিয়ে দেম্বেলে রসিকতা করে বলেন, 'আমাকে যদি বাছাই করার সুযোগ দেওয়া হতো, আমি নিজেকে তালিকায় রাখতাম না এবং নিজের জন্য ভোটও দিতাম না।' পিএসজিতে তার সাবেক সতীর্থ কিলিয়ান এমবাপ্পে অবশ্য কিছুটা ভিন্ন সুরেই বলেছিলেন যে তিনি থাকলে ব্যালন ডি'অরের দৌড়ে নিজেকেই ভোট দিতেন।
সাক্ষাৎকারে ব্যালন ডি'অর জয়ের পরবর্তী চাপ নিয়েও কথা বলেছেন দেম্বেলে। ফরাসি ফরোয়ার্ড বলেন, 'সমালোচিত হওয়াকে আমি পাত্তা দেই না। এটা খেলার অংশ। ফুটবলে আপনি সবসময় সমালোচিত হবেন, আর যখন আপনি ব্যালন ডি'অর জয়ী তখন সেটা আরও বাড়বে।' তিনি যোগ করলেন, 'আমি সবচেয়ে বড় ব্যক্তিগত পুরস্কার জিতেছি, তাই আমি এখন আরও বেশি নজরদারিতে। এটা আমাকে হাসায়। আপনাকে সবসময় নজরে রাখা হচ্ছে। কিন্তু এটা আমাকে ভাবায় না।'
২০২৫-২৬ মৌসুমে পিএসজির জন্য ৪০ ম্যাচ খেলে ২০ গোল ও ১১ অ্যাসিস্ট করেছেন দেম্বেলে। ব্যালন ডি'অর জয়ের পর প্রত্যেক ম্যাচেই তার গোল করার একটা তাড়না অনুভব করেছেন। তিনি ব্যাখ্যা দিলেন, 'সবসময় আপনাকে শক্ত থাকতে হবে। প্রত্যেক ম্যাচেই ভালো পারফরম্যান্স দেখাতে হবে, নয়তো সবাই আপনাকে নিয়ে কথা বলতে শুরু করবে এবং সমালোচনায় মাতবে। এটা মজার। কিন্তু এটা কিছুই পরিবর্তন করে না। সমালোচনা সবসময় থাকবে।'
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!