রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর করেছেন কয়েকজন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে কালশী সড়কে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সুপারশপের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে কয়েকজন ওই পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর করেন। এ সময় তার কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয় বলেও জানান তারা।
আহত পুলিশ সদস্যের নাম মো. সাইমন। তিনি পল্লবী থানার কনস্টেবল। সংঘর্ষস্থলে যাওয়ার পথে হামলার শিকার হন তিনি।
হামলার একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি এক পুলিশ সদস্যকে লাঠি দিয়ে মারধর করছেন। এ সময় কয়েকজন তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, মিরপুর-১১ এলাকা থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হলে তারা কালশীর দিকে সরে যান। ওই সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর-১১-এর দিকে যাচ্ছিলেন। দলছুট অবস্থায় পেয়ে পল্লবী থানার কনস্টেবল সাইমনের ওপর হামলা চালানো হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, মিরপুর-১১ নম্বরে শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের আরও চার সদস্য আহত হয়েছেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এদিন সকাল থেকে পল্লবী শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার সামনে কয়েক হাজার শ্রমিক অবস্থান নেন। এ সময় অনেক শ্রমিকের হাতে লাঠিসোঁটা দেখা যায়।
পরে শ্রমিকেরা সড়কে নেমে এলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। সংঘর্ষের কারণে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের ভেতরে অনেক যাত্রী আটকা পড়েন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!