নতুন মৌসুমে শিরোপা ধরে রাখার অভিযান শুরুর আগেই বিপাকে পড়েছে পিএসজি। তীব্র তাপপ্রবাহে পার্ক দে প্রাঁসের মাঠের পিচ ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘরের মাঠে খেলতে পারছে না ফরাসি চ্যাম্পিয়নরা। ফলে রেনেসের বিপক্ষে লিগের উদ্বোধনী ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে প্রতিপক্ষের মাঠ রোয়াজোন পার্কে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (২২ আগস্ট) রেনেসের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬-২৭ মৌসুমের লিগ ওয়ান অভিযান শুরু করবে পিএসজি। কিন্তু নিজেদের মাঠে নয়, এবার শুরুটা করতে হবে প্রতিপক্ষের মাঠে। ফরাসি ফুটবলের নিয়ন্ত্রক কমিটি ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন করেছে।
চলতি গ্রীষ্মে ফ্রান্সজুড়ে তীব্র তাপপ্রবাহের প্রভাব পড়েছে পার্ক দে প্রাঁসের মাঠেও। পিচের অবস্থা এতটাই খারাপ হয়েছে যে সেখানে ম্যাচ আয়োজন করলে খেলোয়াড়দের নিরাপত্তা ও শারীরিক সুস্থতা নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে বলে জানিয়েছে পিএসজি।
এক বিবৃতিতে ক্লাবটি জানায়, বর্তমান অবস্থায় মাঠের পিচ সন্তোষজনকভাবে ম্যাচ আয়োজনের উপযোগী নয়। বিশেষ করে খেলোয়াড়দের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেনেসের সঙ্গেও আলোচনা করে ম্যাচটি রোয়াজোন পার্কে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পিএসজি।
শুক্রবার (২১ আগস্ট) রাতে শুরু হচ্ছে ফরাসি লিগ ওয়ানের ২০২৬-২৭ মৌসুম। টানা ষষ্ঠবারের মতো লিগ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নামবে পিএসজি। তবে শিরোপা ধরে রাখার মিশনের শুরুটাই এবার হতে যাচ্ছে নিজেদের চেনা মাঠের বাইরে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!