উৎসবের রঙে সাজছে...
খেলাধুলা

ব্যাট হাতে সাদমানের বাজিমাত, এক সেঞ্চুরিতেই একাধিক রেকর্ড

ব্যাট হাতে সাদমানের বাজিমাত, এক সেঞ্চুরিতেই একাধিক রেকর্ড
লেখা বড়/ছোট করুন:

একটি রাতের অপেক্ষা, মাত্র দুই বলেই শেষ! আগের দিন সেঞ্চুরি থেকে এক রান দূরে থেকে মাঠ ছেড়েছিলেন সাদমান ইসলাম। বৃহস্পতিবার সকালে মিরপুরে ব্যাট হাতে নেমেই সেই অপেক্ষার অবসান ঘটান বাংলাদেশের বাঁহাতি ওপেনার। দিনের দ্বিতীয় বলেই দুই রান নিয়ে পূর্ণ করেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই শতক শুধু ব্যক্তিগত মাইলফলক নয়, বাংলাদেশের টেস্ট ইতিহাসেও একাধিক রেকর্ডে নিজের নামকে আরও উঁচুতে নিয়ে গেছেন সাদমান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০টি চার মেরে ২২১ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান ৩১ বছর বয়সী এই ওপেনার। প্রায় আট বছরের টেস্ট ক্যারিয়ারে এটি তার তৃতীয় সেঞ্চুরি। এর আগে দুটি শতকই পেয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে ২০২১ সালে হারারেতে এবং ২০২৫ সালে চট্টগ্রামে। এবার ক্যারিবীয়দের বিপক্ষে সেঞ্চুরি করে দীর্ঘ ১৭ ইনিংস পর আবারও তিন অঙ্কের দেখা পেলেন তিনি। টেস্টে তার ফিফটির সংখ্যা নয়টি।

আগের দিনই ব্যাট হাতে ধৈর্যের অনন্য নজির গড়েছিলেন সাদমান। ক্যারিয়ারে প্রথমবারের মতো এক ইনিংসে ২০০ বল খেলার মাইলফলক পেরিয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতা ধরে রেখে নতুন দিনের শুরুতেই সেঞ্চুরি পূর্ণ করেন এই বাঁহাতি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সেঞ্চুরি সাদমানকে বাংলাদেশের টেস্ট ওপেনারদের রেকর্ডের তালিকায় আরও এগিয়ে দিয়েছে। ওপেনারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। ৭০ টেস্টের ১৩৩ ইনিংসে তার সংগ্রহ ৫ হাজার ৯৫ রান। এবার জাভেদ ওমরকে পেছনে ফেলে এই তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সাদমান।

মিরপুর টেস্ট শুরুর আগে ৩১ ম্যাচের ৫৯ ইনিংসে সাদমানের রান ছিল ১ হাজার ৫৭৮। সেঞ্চুরিসহ প্রথম ইনিংসে ১০৫ রান করায় তার মোট রান বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৩। তাতে ছাড়িয়ে গেছেন জাভেদ ওমরকে, যিনি ৪০ টেস্টের ৭৮ ইনিংসে করেছিলেন ১ হাজার ৬৭৮ রান।

সেঞ্চুরির হিসাবেও তামিমের পরেই এখন সাদমানের অবস্থান। টেস্টে তামিমের সেঞ্চুরি ১০টি। এত দিন দুটি করে সেঞ্চুরি নিয়ে পরের অবস্থানে ছিলেন সাদমান, মাহমুদুল হাসান জয় ও ইমরুল কায়েস। ক্যারিবীয়দের বিপক্ষে তৃতীয় শতক তুলে নিয়ে জয় ও ইমরুলকে পেছনে ফেলেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদমানের ব্যাটিং পরিসংখ্যানও বেশ সমৃদ্ধ। ক্যারিবীয়দের বিপক্ষে এখন পর্যন্ত ছয় ইনিংসে তিনটি ফিফটির পাশাপাশি একটি সেঞ্চুরিও পেয়েছেন তিনি। মিরপুরের এই শতক তাই তার ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি বাংলাদেশের টেস্ট ওপেনারদের রেকর্ড বইয়েও নতুন সংযোজন।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!