উৎসবের রঙে সাজছে...
জাতীয়

ভারত থেকে ফেরত পাঠালেই শেখ হাসিনাকে গ্রেপ্তার, কারাগারে যেতে হবে: শামা ওবায়েদ

ভারত থেকে ফেরত পাঠালেই শেখ হাসিনাকে গ্রেপ্তার, কারাগারে যেতে হবে: শামা ওবায়েদ
লেখা বড়/ছোট করুন:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হবে এবং কারাগারে নেওয়া হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ আরও বলেন, কোনো দণ্ডপ্রাপ্ত আসামি বিদেশে অবস্থান করে কী বক্তব্য দিচ্ছেন, তা বিবেচনার বিষয় নয়। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনাসহ তাঁর দলের অনেক নেতা-কর্মী বর্তমানে ভারতে রয়েছেন। তাদের ফিরিয়ে আনতে অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ করছে এবং বিষয়টি ভারতের বিচার বিভাগও পর্যবেক্ষণ করছে।

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদান প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, নতুন কোনো ফোরাম বা জোটে যোগদানের ক্ষেত্রে দেশের পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং কোনো জোটে যুক্ত হলে তা বাংলাদেশের স্বার্থে কতটা উপকারী, সেটিও বিবেচনা করা হবে। এ বিষয়ে সিদ্ধান্তের সময় এলে পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত জানাবে।

সভায় সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, জেলার পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!