চলতি বছরের ৩১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পায় ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির আগে থেকেই ভক্তদের প্রচণ্ড আগ্রহ ছিল এই সিনেমাটি নিয়ে। আর মুক্তির পর বক্স অফিসে দারুণ সাফল্য দেখাচ্ছে স্পাইডার-ম্যানের নতুন এই সিনেমা।
ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, হলিউডের সিনেমার ক্ষেত্রে গ্রীষ্মকালীন আয়ের হিসেব অনুযায়ী চলতি বছর প্রায় ৪.৭৬ বিলিয়ন ডলার আয় হয়েছে, যা ২০১৩ সালের ৪.৭৫৬ বিলিয়ন ডলারের আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
৫ মে থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই গ্রীষ্মকালীন মৌসুমে সবচেয়ে বেশি আয় করেছে ইউনিভার্সাল—প্রায় ১.২৩ বিলিয়ন ডলার। এর প্রায় ৪৮ শতাংশ এসেছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ থেকে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ডিজনি, আয় প্রায় ১.০৩ বিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে থাকা সনি ১ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে, যার বড় অংশ এসেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থেকে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় সেপ্টেম্বরের প্রথম সোমবার লেবার ডে বা শ্রমিক দিবস পালিত হয়। এই দিনে দেখা গেছে, ‘স্পাইডার-ম্যান’–এর যুক্তরাষ্ট্রের মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৯২৩.২৬ মিলিয়ন ডলার। চার দিনে সিনেমাটি আয় করেছে প্রায় ২৩.৫ মিলিয়ন ডলার। ফলে ২০১৫ সালের ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’-এর ৯৩৬.৬ মিলিয়ন ডলারের রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রের সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমা হতে এখন আর প্রয়োজন মাত্র প্রায় ১৩.৩ মিলিয়ন ডলার।
অন্যদিকে ‘দ্য ওডিসি’ লেবার ডে সপ্তাহান্তে প্রায় ১৭.৩ মিলিয়ন ডলার আয় করে মোট দেশীয় আয় নিয়ে গেছে প্রায় ৫৮৯ মিলিয়ন ডলারে। বিশ্বব্যাপী সিনেমাটির আয় ইতোমধ্যে ১.৫৯ বিলিয়ন ডলারের কাছাকাছি। ২০২৬ সালের গ্রীষ্মকালের আয় থেকে বলা যায়, বড় বাজেটের ফ্র্যাঞ্চাইজি সিনেমাগুলো দর্শক মাতিয়েছে। আর এখনও দারুণ দাপট দেখাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!