উৎসবের রঙে সাজছে...
খেলাধুলা

মেসির বিখ্যাত ‘১০’ নম্বর জার্সি পাবেন কে, জানালেন এমিলিয়ানো মার্তিনেজ

মেসির বিখ্যাত ‘১০’ নম্বর জার্সি পাবেন কে, জানালেন এমিলিয়ানো মার্তিনেজ
লেখা বড়/ছোট করুন:

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায় শেষ হওয়ার সময় যত ঘনিয়ে আসছে, ততই জোরালো হচ্ছে তার বিখ্যাত ১০ নম্বর জার্সির উত্তরসূরি নিয়ে আলোচনা। বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলের জয়ের পর সেই আলোচনায় নতুন ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। নিকো পাজের একটি পোস্টে করা তার মন্তব্যেই যেন ১০ নম্বরের সম্ভাব্য উত্তরসূরির নাম সামনে চলে এসেছে। জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দারুণ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নিকো পাজ। গোল করার পাশাপাশি ম্যাচজুড়ে তার পারফরম্যান্সও ছিল নজরকাড়া। তরুণ এই মিডফিল্ডারের পারফরম্যান্স যে সতীর্থদেরও নজর কেড়েছে, সেটিই যেন বোঝা গেল ম্যাচের পর। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি পোস্ট দেন পাজ। সেখানে মন্তব্য করতে গিয়ে মার্তিনেজ লেখেন, 'নতুন ১০ নম্বর?'

এই মন্তব্য দ্রুতই আলোচনার জন্ম দেয়। কারণ মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার হাতে যাবে—এ নিয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। দিবুর মন্তব্য তাই অনেকের কাছেই পাজকে ঘিরে তার পছন্দের ইঙ্গিত বলে মনে হয়েছে।

তবে ১০ নম্বর জার্সির ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বলিভিয়ার ম্যাচের আগে তিনি জানিয়েছিলেন, মেসির বিদায়ী ম্যাচ পর্যন্ত কাউকে ১০ নম্বর জার্সি দেওয়ার প্রয়োজন নেই।

স্কালোনির বক্তব্য অনুযায়ী, বাছাইপর্বের ম্যাচগুলোতে একজন খেলোয়াড়কেই নিয়মিত ১০ নম্বর পরতে হবে—এমন বাধ্যবাধকতাও নেই। তবে মেসি যে ঐতিহ্য রেখে যাচ্ছেন, সেটির কথা বিবেচনা করে শেষ পর্যন্ত একজন খেলোয়াড়ের কাছে জার্সিটি স্থায়ীভাবে দেওয়ার ভাবনা রয়েছে।



আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!