স্প্যানিশ ফুটবলের অন্যতম প্রতিভাবান উইঙ্গার নিকো উইলিয়ামসকে দলে ভেড়াতে চেয়েছিল বার্সেলোনা। তবে ২০২৫ সালের গ্রীষ্মে কাতালান ক্লাবটিতে যোগ দেননি অ্যাথলেটিক বিলবাওয়ের এই স্প্যানিশ তারকা। বরং বিলবাওয়ের সঙ্গে চুক্তি নবায়ন করে ২০৩৫ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকার সিদ্ধান্ত নেন তিনি। এক বছর পর সেই আলোচিত দলবদল ভেস্তে যাওয়ার পেছনের কারণ জানালেন তার এজেন্ট ফেলিক্স তাইন্তা। খবর গোল ডটকমের।
'লস ফুলানোস' পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তাইন্তা জানিয়েছেন, বার্সেলোনায় যোগ দিলে নিকো নিয়মিত খেলতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। এমনকি তাকে নিবন্ধন করিয়ে খেলানোর নিশ্চয়তাও দিতে পারেনি কাতালান ক্লাবটি। তাই নিজের খেলোয়াড়ের ক্যারিয়ার ও ভবিষ্যৎ বিবেচনায় ঝুঁকি নিতে চাননি তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম 'মুন্দো দেপোর্তিভো'র বরাতে তাইন্তা বলেন, "আমরা বার্সেলোনার সঙ্গে কথা বলেছিলাম। পুরো বিষয়টি সম্পর্কে অ্যাথলেটিক বিলবাওও অবগত ছিল। আলোচনার অগ্রগতি সম্পর্কে আমি নিয়মিত তাদের জানাতাম, যদিও আলোচনা যেভাবে এগোচ্ছিল, তা নিয়ে বার্সেলোনার ওপর তাদের ক্ষোভ ছিল।"
এরপরই পরিস্থিতির জটিলতা তুলে ধরেন নিকোর এজেন্ট। তার ভাষায়, "একপর্যায়ে নিকোর পক্ষে আর খেলার বাইরে থাকা সম্ভব হচ্ছিল না। নিকো একটি ফর্মুলা ওয়ান গাড়ির মতো। তাকে সব সময় গতির মধ্যে রাখতে হয়। আমি যখন আপনার ক্লাবে আসব, তখন আপনার সমস্যার বোঝা আমাকে বহন করতে হবে কেন? বার্সেলোনাকে আমি বিষয়টি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলাম।"
তাইন্তা আরও বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, নির্দিষ্ট কিছু নিশ্চয়তা না পেলে নিকোকে সেখানে পাঠিয়ে ঝুঁকি নেওয়া যাবে না। বিশ্বকাপ সামনে ছিল। সেটি বাদ দিলেও একজন পেশাদার ফুটবলারের নিয়মিত অনুশীলন ও খেলার সুযোগ প্রয়োজন।"
তিনি যোগ করেন, "আমি আপনার ক্লাবে আসছি নিজের পেশাগত দায়িত্ব পালন করতে। তাই আমাকে কাজ চালিয়ে যেতে হবে। আপনার কোনো সমস্যা থাকলে তার প্রভাব আমার ওপর পড়া উচিত নয়। আর সেই সমস্যা আমার ওপর প্রভাব ফেলবে না, এমন নিশ্চয়তা যদি আপনি দিতে না পারেন, তাহলে আমার সিদ্ধান্ত বদলাতেই পারে। শেষ পর্যন্ত সেটাই ঘটেছে।"
নিকো উইলিয়ামসকে দলে নেওয়ার আগ্রহ বার্সেলোনার নতুন নয়। ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের পর থেকেই তাকে পেতে তৎপর হয়ে ওঠে ইউরোপের একাধিক বড় ক্লাব। নিকোর এজেন্টের দাবি, বার্সেলোনার পাশাপাশি আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল ও প্যারিস সেন্ট জার্মেইও তাকে দলে নিতে চেয়েছিল।
বড় ক্লাবগুলোর আগ্রহ থাকা সত্ত্বেও অ্যাথলেটিক বিলবাওয়ের প্রতি নিজের আনুগত্যের প্রমাণ আগেই দিয়েছিলেন নিকো। ২০২৩ সালের ডিসেম্বরে ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করেন তিনি। অথচ চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলে বিনা ট্রান্সফার ফিতে অন্য ক্লাবে যাওয়ার সুযোগ তৈরি হতে পারত। সে ক্ষেত্রে বড় অঙ্কের সাইনিং বোনাস পাওয়ার সম্ভাবনাও ছিল।
তবে অন্য ক্লাবে যাওয়ার সম্ভাবনা নিয়ে নিকো যে একেবারেই ভাবেননি, তা নয়। তার এজেন্টের স্বীকারোক্তি, ক্যারিয়ারে আরও বড় সাফল্য অর্জন এবং ইউরোপের শীর্ষ প্রতিযোগিতাগুলোতে শিরোপা জয়ের আকাঙ্ক্ষা থেকেই ক্লাব ছাড়ার কথা ভেবেছিলেন এই উইঙ্গার।
তাইন্তার ভাষায়, "নিকো ক্লাব ছাড়ার কথা ভাবছিল। অ্যাথলেটিক বিলবাওয়ে খেললে আপনি ক্লাবটির সম্ভাবনার সীমাবদ্ধতা বুঝতে পারেন। আপনি জানেন, এখানে চ্যাম্পিয়নস লিগ জেতা সম্ভব হবে না, এমনকি লা লিগা জেতাও কঠিন হতে পারে।"
তবে বড় ক্লাবের আগ্রহ কিংবা শিরোপা জয়ের স্বপ্নই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার একমাত্র বিষয় ছিল না। বার্সেলোনায় যোগ দিলে নিয়মিত খেলার সুযোগ পাওয়া এবং দলটির আর্থিক ও নিবন্ধনসংক্রান্ত জটিলতা থেকে নিজের ক্যারিয়ারকে সুরক্ষিত রাখার নিশ্চয়তাও নিকোর জন্য গুরুত্বপূর্ণ ছিল।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!