সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টাকালে ৮ রোহিঙ্গাসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কুওরেরমাটি এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গারা হলেন—এনায়েত হোসেন, আব্দুল মুবিন, জুবের আহমদ, আজিদা বেগম, জামিলা বেগম, ফাতেমা বিবি, নুর ফাতেমা ও আজিদা। এছাড়া বাকি চারজন পাচারকারী চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তারা হলেন—কানাইঘাটের এরালীগুল গ্রামের আছাদ আহমদ, একই উপজেলার বড়খেরড় গ্রামের সাদ্দাম হোসেন, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার অটোরিকশাচালক রফিক আহমদ ও নেত্রকোণার অটোরিকশাচালক এলাছ উদ্দিন।
পুলিশ জানায়, সিলেট নগরীর কদমতলী এলাকা থেকে দুটি গাড়ি করে রোহিঙ্গাদের কানাইঘাটে নিয়ে আসা হয়। পরিকল্পনা ছিল দনা সীমান্ত দিয়ে তাদের ভারতে পাচার করা। এ জন্য সুরমা নদীর কুওরেরমাটি বটরবাজার এলাকায় একটি নৌকাও প্রস্তুত রাখা হয়েছিল। দেরি হওয়ায় নৌকার মাঝির সঙ্গে দালালদের ঘন ঘন ফোনালাপে স্থানীয়দের সন্দেহ হয়। এলাকাবাসী কুওরেরমাটি মাদরাসার সামনে গাড়ি দুটি আটকে জিজ্ঞাসাবাদ করলে রোহিঙ্গাদের পাচারের বিষয়টি সামনে আসে। পরে তারা পুলিশকে খবর দেয়।
কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। তারা সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া পাচারচক্রের অন্যান্য সদস্যদের বিষয়েও তদন্ত করা হচ্ছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!