অনলাইনে পণ্য কেনাবেচা ও ব্যক্তিগত প্রয়োজনে কম খরচে দ্রুত পার্সেল পাঠানোর সুযোগ দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের ‘স্পিডপোস্ট’ সেবা। এ সেবায় দেশের যেকোনো প্রান্তে প্রথম ১ কেজি পার্সেল পাঠাতে খরচ মাত্র ১০ টাকা; অতিরিক্ত প্রতি কেজির জন্য ৫ টাকা। একটি পার্সেলের সর্বোচ্চ ওজন ৩০ কেজি।
ডাক বিভাগের তথ্য অনুযায়ী, জেলা শহর থেকে ঢাকায় পার্সেল সর্বোচ্চ ২৪ ঘণ্টায় এবং এক জেলা শহর থেকে অন্য জেলা শহরে সর্বোচ্চ ৪৮ ঘণ্টায় পৌঁছানোর কথা। প্রত্যন্ত বা দুর্গম এলাকায় সময় লাগতে পারে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা।
স্পিডপোস্টে শুকনা খাবার, মধু, তেলসহ বিভিন্ন পণ্য পাঠানো যাচ্ছে। দেশের সব জিপিও, প্রধান ডাকঘর, উপজেলা ডাকঘর, টাউন সাব-পোস্ট অফিস, সাব-পোস্ট অফিস, আরএমএস বুকিং কাউন্টার ও ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস থেকে বুকিং করা যাবে।
পার্সেল পাঠাতে নিকটস্থ ডাকঘরে গিয়ে প্যাকেজিং করে প্রাপক ও গন্তব্যের ঠিকানা লিখে মাশুল পরিশোধ করতে হবে। বুকিংয়ের পর ট্র্যাকিং নম্বরসহ রসিদ দেওয়া হবে, যা দিয়ে অনলাইনে পার্সেলের অবস্থান জানা যাবে। খরচ হিসাবের জন্য অনলাইন ক্যালকুলেটরও রয়েছে।
শুক্রবার বুকিং ও ইস্যু বন্ধ থাকে। রাজধানীতে ঢাকা জিপিওসহ ২১টি সাব-পোস্ট অফিসে সরাসরি পার্সেল ডেলিভারি নেওয়ার ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে www.bdpost.gov.bd ও ফেসবুক পেজ দেখতে পারেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!