ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় কিশোরীর পরিবার ও প্রতিপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়।
স্থানীয়রা জানান, ওই গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া কিশোরীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে রাকিব ও তার পরিবার। কিন্তু কিশোরীর পরিবার রাকিবের কাছে বিয়ে দিতে রাজি হয়নি।
কিশোরীর পরিবারের দাবি, এ নিয়ে বিরোধের জেরে কিশোরীর পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়। এ অবস্থায় কিশোরীর সঙ্গে দেখা করতে না পেরে ক্ষুব্ধ হন রাকিব।
রাতে রাকিব ওই কিশোরীর বাড়ির সামনে তার পরিবারের সদস্যদের গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ চালিয়ে যায়।
এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র সরকার বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। পরবর্তী সহিংসতা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে। মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!