উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যে ৫ আসনে উপনির্বাচন, চলছে ভোটগ্রহণ

পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যে ৫ আসনে উপনির্বাচন, চলছে ভোটগ্রহণ
লেখা বড়/ছোট করুন:

ভারতের পশ্চিমবঙ্গসহ তিন রাজ্য ও পুদুচেরির পাঁচটি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর মধ্যে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর আসনের ভোট ঘিরে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। একই দিনে আসামের নওগাঁও লোকসভা আসনেও চলছে ভোটগ্রহণ। সব আসনের ফল ঘোষণা করা হবে আগামী ৯ অক্টোবর।

ভোট শুরুর আগে প্রতিটি কেন্দ্রে 'মক পোল' অনুষ্ঠিত হয়। অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন রাজ্য পুলিশের সদস্যরাও।

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে মোট ভোটার ২ লাখ ৬৬ হাজার ৪১৯ জন। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার রেজিনগর আসনে মোট ভোটার ২ লাখ ৫৬ হাজার ৫৪৬ জন। এর মধ্যে নন্দীগ্রাম আসন ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রেজিনগর আসনটি ছেড়ে দিয়েছেন রাজ্যটির আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা এবং মুর্শিদাবাদে বাবরি মসজিদের মূল উদ্যোক্তা বিধায়ক হুমায়ুন কবীর।

মঙ্গলবার সকালে পরিবারের অন্য সদস্যদের নিয়ে রেজিনগরের একটি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর। একইভাবে সকালে ভোট দেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান।

মিলন প্রধান বলেন, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তবে সোমবার (৫ অক্টোবর) রাত থেকেই তাণ্ডব চলছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, ভোট এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা এবং হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে বলে জানান তিনি।

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী হাসিরানী রথ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ এতেশামুল হক এবং কংগ্রেসের প্রার্থী মিলন প্রধান। এছাড়া সিপিআইয়ের প্রার্থী শান্তি গোপাল গিরি এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) প্রার্থী আলী মোহাম্মদ সাবে মিরাজ খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস' সঞ্চিতা প্রধান দে-কে প্রার্থী করেছিল। তবে পরে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এরপর কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেন মমতা। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন।

অন্যদিকে রেজিনগর বিধানসভা আসনে বিজেপির প্রার্থী শাখারভ সরকার, মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরী, আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবী আজাদ, ঋতব্রত তৃণমূলের প্রার্থী সফিউজ্জামান শেখ, কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি এবং সিপিআইএম মনোনীত প্রার্থী সৈয়দ আসাদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম—দুটি আসনেই জয়ী হওয়ার পর নিজের পুরোনো আসন নন্দীগ্রামের বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

একইভাবে আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) হুমায়ুন কবীর মুর্শিদাবাদ জেলার নওদা ও রেজিনগর—দুটি আসনে জয়ী হওয়ার পর নওদা আসনটি নিজের কাছে রেখে রেজিনগর আসনটি ছেড়ে দেন। ফলে শূন্য হওয়া এই দুই আসনেই আজ উপনির্বাচন হচ্ছে।

ভোট নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, দুটি আসনেই তারা জয়ী হবেন। তার দাবি, নন্দীগ্রামে গত নির্বাচনের চেয়ে পাঁচ গুণ বেশি ব্যবধানে বিজেপি জয় পাবে। রেজিনগরেও অবশ্য সংখ্যালঘু ভোটার বেশি এবং তারা সাধারণত বিজেপির সঙ্গে থাকে না। তবে সেখানেও এবার বিজেপির প্রার্থী জয়ী হবেন বলে দাবি করেন তিনি।

এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি মঙ্গলবার তামিলনাড়ুর দুটি বিধানসভা আসন—মাদুরান্তাকম ও ধারাপুরম এবং পুদুচেরির থাট্টানচাভাদি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একইসঙ্গে আসামের নওগাঁও লোকসভা আসনেও উপনির্বাচন চলছে।

প্রতিটি আসনের ফল আগামী ৯ অক্টোবর ঘোষণা করা হবে।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!