নাটোরের গুরুদাসপুরে কার্গোট্রাক ও মরদেহবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় বনপাড়া-হাটিকমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর থেকে একটি মরদেহ নিয়ে নাটোরের দিকে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কার্গো ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা সাতজন যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান; সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সটিতে আগে থেকেই একটি মরদেহ ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়; এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!