চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পূর্বাশা পরিবহনের বাস ও ইজিবাইকের সংঘর্ষে আহরণ (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জীবননগর-দওনগর সড়কের পাথিলা ঈদগাহের সামনে এই ঘটনা ঘটে। নিহত আহরণ ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড়ে ইউনিয়নের শহিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে জীবননগর-দওনগর সড়কের পাথিলা ঈদগাহের সামনে যাত্রীবাহী একটি ইজিবাইকের সঙ্গে পূর্বাশা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহরণকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে আসিফ গুরুতর আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়েছে। আহত অন্যদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!