কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পৃথক অভিযানে তিনটি কিশোর গ্যাংয়ের পাঁচ মূলহোতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। জেলার কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (৫ অক্টোবর) কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ‘স্ম্যাশ স্কোয়াড’, ‘১২০৭’ ও ‘পিএক্স-১০’ নামের তিনটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি, আতঙ্ক সৃষ্টি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে স্বস্তি ফেরাতে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ। এর অংশ হিসেবে সম্প্রতি তিন থানায় পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ‘স্ম্যাশ স্কোয়াড’ গ্যাংয়ের মূলহোতা হিসেবে জিসান (১৯) ও সাইফুল ইসলাম (২০)কে গ্রেপ্তার করা হয়। জিসান নগরীর তেলিকোনা গোবিন্দ পুকুরপাড় এলাকার জিলানীর ছেলে। সাইফুল ইসলাম আদর্শ সদর উপজেলার আড়াইওড়া সমিতিপাড়া এলাকার আবদুল কুদ্দুসের ছেলে।
চৌদ্দগ্রাম থানা এলাকায় অভিযান চালিয়ে ‘১২০৭’ গ্যাংয়ের মূলহোতা মো. তারেক হোসেন সৈকত (১৯) ও মো. জাফর আহমদকে (২৩) গ্রেপ্তার করা হয়। তারেক হোসেন সৈকত নলিশ্বর এলাকার আব্দুল মালেক ও কাহিনুর আক্তারের ছেলে। জাফর আহমদ কোমারডোগা মধ্যমপাড়া এলাকার মো. আলীর ছেলে।
অন্যদিকে মনোহরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ‘পিএক্স-১০’ গ্যাংয়ের মূলহোতা মো. শাকিবকে (১৭) গ্রেপ্তার করা হয়েছে। সে পোমগাঁও মধ্যপাড়া এলাকার তবু মিয়া ও শিউলি বেগমের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কিশোর গ্যাংসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!