বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় আলাদা ভিসা সেন্টার চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে কেন্দ্রটি চালু হবে বলে জানিয়েছে দূতাবাস।
ভিসা আবেদন কেন্দ্র খোলার পর সাধারণ ভিসা ও পাসপোর্ট সংগ্রহের আবেদনগুলো এককভাবে এই কেন্দ্রের মাধ্যমে পরিচালনা করা হবে। তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসা সম্পর্কিত পাসপোর্টের আবেদন গ্রহণ এবং ইস্যু করার কাজ আগের মতোই দূতাবাস করবে।
কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ঠিকানা: ২এফ বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট ৮০, ব্লক বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা ১২১৩।
দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদন কেন্দ্রে একটি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করা হবে। অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি এবং তারিখ সম্পর্কিত বিস্তারিত আগামীকাল ২৭ আগস্ট আলাদাভাবে ঘোষণা করা হবে।
নোটারাইজেশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সম্পর্কিত পরিষেবাগুলি আগের মতোই দূতাবাস দ্বারা পরিচালিত হবে। ভিসা সেন্টারের কার্যক্রম, প্রয়োজনীয় নথি, ফি এবং অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তীতে ঘোষণা করা হবে।
দক্ষিণ কোরিয়ার দূতাবাস ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুকদের নতুন ভিসা আবেদন কেন্দ্রসংক্রান্ত ঘোষণাগুলো সতর্কতার সঙ্গে অনুসরণ করার পরামর্শ দিয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!