কুমিল্লায় পারিবারিক কলহের জেরে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার মামলায় মো. আজাদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. আজাদ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মো. কবির হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
বাদীপক্ষের আইনজীবী মো. এনামুল হক সরকার জানান, পারিবারিক কলহের জেরে ২০২৩ সালের ২৭ জুলাই রাতে গৃহবধূ তানিয়া বেগমকে হাতে-পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে শক দিয়ে হত্যা করা হয়। নিহতের মা মায়া বেগম বাদী হয়ে ওই দিনই তার জামাতা মো. আজাদকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর বিষয়টি হত্যাকাণ্ড হিসেবে উঠে আসে। দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২০২৫ সালের ১৫ নভেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও বিভিন্ন নথি পর্যালোচনা শেষে এই রায় দেয় আদালত।
রায়ে সন্তোষ প্রকাশ করে নিহতের স্বজনরা জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর তারা ন্যায়বিচার পেয়েছেন এবং দ্রুত রায় কার্যকরের দাবি জানান।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!