জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বগুড়ার ধুনটে শহিদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় ধুনট উপজেলার মানিকপোটল গ্রামে শহিদ আব্দুল মালেকের কবর জিয়ারত এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কবর জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান স্থানীয় মাদরাসায় আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় স্থানীয় মাদরাসা মাঠে উপস্থিত মানুষের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকট চরমে। মানুষ কষ্ট পাচ্ছে। আমরা জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলার চেষ্টা করছি। কিন্তু সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না। বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি।
এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলাম ও সেক্রেটারি আব্দুল করিমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শহিদ আব্দুল মালেক ১৯৬৯ সালের ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ইসলামী শিক্ষা আন্দোলন করতে গিয়ে শহিদ হন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রসংঘের সভাপতি ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলার মানিকপোটল গ্রামে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!