জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আজিজুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আজিজুল পাঁচবিবি উপজেলার মালিদহ গ্রামের মো. ছলিম উদ্দীনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বাড়ির সামনে অভিযুক্ত আজিজুল ইসলামের সাত বছর বয়সী মেয়ের সঙ্গে খেলা করছিল শিশুটি। এ সময় অভিযুক্ত আজিজুল তার নিজের মেয়েকে কৌশলে দোকানে পাঠিয়ে দেন এবং শিশুটিকে নিজের শয়নকক্ষে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকার দিয়ে সেখান থেকে পালিয়ে নিজ বাড়িতে চলে যায়।
পরে শিশুটির মা ও স্থানীয় লোকজন অভিযুক্তের বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে জানতে চাইলে আজিজুল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি এজাহার দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!