উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

সেই আবু বকরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠি

সেই আবু বকরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠি
লেখা বড়/ছোট করুন:

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে 'শুধু একটা স্নাইপার এর অভাব ছিল' মন্তব্য করায় রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষার্থী আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার স্বাক্ষরিত চিঠিতে এ অনুরোধ জানানো হয়।

কলেজ কর্তৃপক্ষের চিঠিতে উল্লেখ করা হয়েছে, আবু বকর সিদ্দিক কলেজের ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেওয়া মন্তব্যকে গুরুতর ও আপত্তিকর হিসেবে বিবেচনা করছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার বলেন, একজন শিক্ষার্থীর কাছ থেকে এ ধরনের কটূক্তিমূলক মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। আমরা বিষয়টিকে গুরুতর অপরাধ হিসেবে দেখছি। ভবিষ্যতে যাতে কোনো শিক্ষার্থী এ ধরনের কর্মকাণ্ডে জড়ানোর সাহস না পায়, সে জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

প্রসঙ্গত, গত ২১ অক্টোবর ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারির সময় একটি ফেসবুক গ্রুপে পোস্ট করা প্রধানমন্ত্রীকে বহনকারী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসের ছবি দেখতে পায়। ওই পোস্টের মন্তব্যে লেখা হয়, "ইস একটা বড় সুযোগ ছিলো, শুধু একটা স্নাইপার এর অভাব ছিলো।"

উসকানিমূলক ও হুমকিযুক্ত এই মন্তব্যের বিষয়টি নজরে আসার পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে ডিবি পুলিশ। পরে ডিবি ও রাজশাহী মহানগর পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২১ অক্টোবর বিকেল ৫টায় রাজশাহীর পবা থানার ঘোল হাড়িয়া দক্ষিণপাড়া এলাকার একটি বাসা থেকে আবু বকর সিদ্দিক ও তার বাবা মো. আয়নাল হককে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিদ্দিক তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে ওই কমেন্টটি করার কথা স্বীকার করেন। তবে তার বাবা সোশ্যাল মিডিয়া বা ঘটনার বিষয়ে কিছু না জানায় প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় ঢাকা উত্তরের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের উপ-পরিদর্শক মো. মানিক হোসেন বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। এ মামলায় আবু বকর সিদ্দিককে রোববার ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!