আশুলিয়ায় নবজাতকসহ তিনজনকে হত্যার ঘটনায় প্রধান আসামি মনিরুজ্জামান হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের তিন দিনের মধ্যেই ঘটনার রহস্য উদঘাটনের দাবি করেছে সংস্থাটি।
বুধবার দুপুরে পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম এন মোর্শেদ এসব তথ্য জানান।
তিনি বলেন, নিহত নাজমা খাতুনের সঙ্গে গ্রেপ্তার হৃদয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে নাজমার স্বামী আলমগীরের সঙ্গে হৃদয়ের বিরোধ তৈরি হয়। ঘটনার দিন নাজমা ও আলমগীর হৃদয়কে তাদের বাসায় নিয়ে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়।
পিবিআইয়ের দাবি, এ সময় হৃদয়ের লাথির আঘাতে নাজমা ও তার গর্ভের সন্তান মারা যায়। পরে আলমগীরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন হৃদয়।
হত্যাকাণ্ডের পর নাজমার মোবাইল ফোন, সিম, অফিসের পরিচয়পত্র ও হ্যান্ডব্যাগ নিয়ে পালিয়ে যান তিনি। পরে নরসিংহপুর এলাকা থেকে হৃদয়কে গ্রেপ্তার করে পিবিআই। তার ভাড়া বাসা থেকে নিহত নাজমার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
পিবিআই জানায়, জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন হৃদয়। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন তিনি। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পিবিআই।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!