টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পাঁচ দিন বয়সী যমজ দুই মেয়ে সন্তানকে রেখে রহস্যজনকভাবে উধাও হয়েছেন মারিয়া নামে এক নারী। বুধবার (১৯ আগস্ট) এই ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নবজাতকদের বাবা সাকিব হোসেন এখন দিশেহারা।
জানা গেছে, আড়াই বছর আগে ঘাটাইল পৌর এলাকার ব্যবসায়ী ময়েন উদ্দিনের মেয়ে মারিয়ার সঙ্গে ধারিয়াল এলাকার সোলায়মান হোসেনের ছেলে সাকিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বাল্যবিবাহে আবদ্ধ হন, যদিও উভয় পরিবার এই সম্পর্ক মেনে নিতে পারেনি। পরবর্তীতে সাকিবের পরিবার বিয়ে মেনে নিলেও মারিয়ার পরিবার এখনো তা গ্রহণ করেনি।
গত ১৩ আগস্ট স্থানীয় হাজী খোরশেদ আলী মেমোরিয়াল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে যমজ দুই কন্যা সন্তানের জন্ম দেন মারিয়া। তাদের নাম রাখা হয়েছে মাহা ও মানহা। পরে তিনি সন্তানদের নিয়ে স্বামীর বাড়ি ফিরলেও গত ১৭ আগস্ট রাতে কাউকে কিছু না জানিয়ে দুই নবজাতককে বাড়িতে রেখে নিরুদ্দেশ হন। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নবজাতকের বাবা সাকিব হোসেন বলেন, নবজাতকের জন্য অনেক সমস্যার সমাধান করা গেলেও মায়ের অভাব কোনোভাবেই পূরণযোগ্য নয়। তিনি অভিযোগ করে বলেন, ‘মারিয়া কোথায় চলে গেছে তা আমি জানি না। নবজাতক দুটিকে বাঁচাতে মায়ের খুবই প্রয়োজন। আমাদের বিয়ের বিষয়টি শ্বশুর-শাশুড়ি মেনে নেয়নি। তাদের প্ররোচনায় এই ঘটনা ঘটে থাকতে পারে।’
মারিয়ার বাবা ময়েন উদ্দিন জানান, তার মেয়ে এখন কোথায় কী অবস্থায় আছে সেটি তার জানা নেই।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শিশুদুটির মাকে খুঁজে বের করে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!