উৎসবের রঙে সাজছে...
জাতীয়

কপ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী

কপ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী
লেখা বড়/ছোট করুন:

জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে স্বল্প সময়ের সফরে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের উচ্চপর্যায়ের দুই দিনের অধিবেশনে অংশ নেবেন তিনি।

সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ।

তিনি জানান, প্রধানমন্ত্রী এবার অত্যন্ত সংক্ষিপ্ত সফরে যাবেন এবং সম্মেলনের দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দেবেন ।

আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ১১ ও ১২ নভেম্বর উচ্চপর্যায়ের ‘ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিট’ অনুষ্ঠিত হবে ।

সম্মেলনে বাংলাদেশের দুটি বিষয় বিশেষ গুরুত্ব পাবে। এর একটি হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশ এবং এ অঞ্চলের মানুষের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা। অন্যটি হলো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ভবিষ্যতে কী ধরনের সহায়তা প্রয়োজন, তা তুলে ধরা ।

এছাড়া জলবায়ু তহবিল ঋণের পরিবর্তে অনুদান হিসেবে দেওয়ার দাবি জানাবে সরকার । প্রধানমন্ত্রীর সফরসূচি ও সফরসঙ্গীদের তালিকা নিয়ে সফরের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!