গাজীপুরের নাওজোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই সহকর্মী আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত সাকিবের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায় ।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, নাওজোড় এলাকায় একটি নির্মাণাধীন তিনতলা ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুই কক্ষ নির্মাণ করে পোশাক শ্রমিকদের ভাড়া দেওয়া হয়েছিল। ওই কক্ষের একটিতে সাকিবসহ তার আরও দুই সহকর্মী থাকতেন ।
শুক্রবার সকালে হঠাৎ সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। বিস্ফোরণে কক্ষের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় তার দুই সহকর্মী আহত হয়েছেন বলে জানা গেলেও তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা ।
নিহত সাকিবের মরদেহ বাসন থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে । গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (সদর জোন) সোয়েব মোহাম্মদ জানান, আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেপটিক ট্যাংকের ভেতরে গ্যাস জমে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!