উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টু আরও দুই দিনের রিমান্ডে

শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টু আরও দুই দিনের রিমান্ডে
লেখা বড়/ছোট করুন:

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে দ্বিতীয় দফায় আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ নভেম্বর) সকালে গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মাহমুদুল হাসান রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন ।

নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আসামি মিন্টুকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিবির পক্ষ থেকে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি মিন্টু বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন ।

ডিবির এই কর্মকর্তা আরও জানান, প্রথম দফার রিমান্ডে মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে আল-আমিন হোসেন (২৬) ও আনিসুর রহমান (২৫) নামের দুইজনকে আটক করা হয়। পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা একদল সশস্ত্র দুর্বৃত্তের হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩২)। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ দিন পর ২৬ অক্টোবর রাতে মারা যান শাকিল। এ ঘটনায় ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা করেন ।

এর আগে গত ২৭ অক্টোবর মিন্টুকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ৩০ অক্টোবর সন্ধ্যায় তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন । এদিকে মিন্টুকে যুবদলের যুগ্ম সম্পাদকের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে ।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!