মিশরের সাক্কারার সমাধিক্ষেত্রে ৪৩০০ বছরের পুরোনো একটি সমাধির সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। মিশরীয়-স্প্যানিশ একটি যৌথ প্রত্নতাত্ত্বিক দল এই সমাধিটি আবিষ্কার করেছে। এটি প্রাচীন মিশরের পঞ্চম রাজবংশের ফারাও জেদকারে ইসেসির শাসনামলের একজন বিচারক ইউনমেনের বলে জানা গেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) গালফ নিউজের খবরে বলা হয়, ইউনমেন এমন একজন কর্মকর্তা ছিলেন, যার দায়িত্বের মধ্যে সাধারণ মানুষের অভিযোগ ও অসন্তোষের সুরাহা করতেন। বার্সেলোনার অটোনোমাস বিশ্ববিদ্যালয় এবং মিশরের প্রত্নতত্ত্ববিষয়ক সর্বোচ্চ পরিষদের যৌথ দল সাক্কারার মারিয়েত সমাধিক্ষেত্র এলাকায় এই সমাধিটি আবিষ্কার করে।
প্রত্নতাত্ত্বিকেরা সমাধির ভেতরে সাজসজ্জায় সমৃদ্ধ দুটি অন্ত্যেষ্টিক্রিয়া কক্ষের সন্ধান পেয়েছেন। এর একটি ইউনমেনের এবং অন্যটি তার বাবা ইটির জন্য উৎসর্গ করা হয়েছিল। ইটি ছিলেন একজন জ্যেষ্ঠ লিপিকার, যার দায়িত্ব ছিল কৃষিজমি ও দেব-দেবীর উদ্দেশ্যে উৎসর্গের উপঢৌকনগুলো তদারকি করা।
সমাধির দেয়ালে দৈনন্দিন জীবন ও অন্ত্যেষ্টিক্রিয়ার বিভিন্ন দৃশ্যের বিস্তারিত খোদাই রয়েছে। চার হাজার বছরেরও বেশি পুরোনো হলেও সমাধির অনেক চিত্র ও অলংকরণে এখনও মূল রং অক্ষত রয়েছে। এর মাধ্যমে প্রত্নতাত্ত্বিকেরা প্রাচীন মিশরের শিল্পকৌশল ও অন্ত্যেষ্টিক্রিয়ার ঐতিহ্য সম্পর্কে বিরল ধারণা পাচ্ছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনমেনের দায়িত্বের সঙ্গে প্রাচীন মিশরের 'মা'আত' ধারণার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই ধারণার মাধ্যমে সত্য, ন্যায়বিচার, ভারসাম্য ও সামাজিক শৃঙ্খলাকে বোঝানো হতো।
কায়রোর দক্ষিণে অবস্থিত সাক্কারা প্রাচীন মিশরের রাজধানী মেমফিসের বিশাল সমাধিক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতো। এখানে জোসারের 'স্টেপ পিরামিড'-সহ হাজার হাজার বছরজুড়ে নির্মিত বিভিন্ন স্থাপনা রয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!