মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগের দিন ক্যালিফোর্নিয়ার ২০ হাজারের বেশি ভোটারের ব্যালট গণনা স্থগিত রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রশাসনের দাবি, ওই ভোটাররা মার্কিন নাগরিক নন। তবে ক্যালিফোর্নিয়া বলছে, এ পদক্ষেপে হাজারো বৈধ ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ঠিক এক দিন আগে স্থানীয় সময় সোমবার (২ নভেম্বর) জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টে আবেদন করে দেশটির বিচার বিভাগ। আবেদনটিতে ক্যালিফোর্নিয়ার ২০ হাজারের বেশি ভোটারের ব্যালট গণনা বন্ধ রাখার নির্দেশ চাওয়া হয়েছিল। তবে ট্রাম্প প্রশাসনের করা এই আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত।
ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের চলমান আইনি লড়াইয়ে এটি সর্বশেষ ঘটনা। ট্রাম্প প্রশাসনের দাবি, ওই ভোটাররা যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তবে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ বলছে, প্রশাসনের এ পদক্ষেপে হাজারো বৈধ ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন।
মূলত মার্কিন বিচার বিভাগ সুপ্রিম কোর্টের কাছে অবিলম্বে হস্তক্ষেপ চেয়েছিল। তাদের আবেদন ছিল, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তরের তৈরি একটি তালিকায় থাকা ভোটারদের ব্যালট আলাদা করে রাখতে হবে, যতক্ষণ না তাদের নাগরিকত্ব যাচাই করা হচ্ছে।
বিচার বিভাগের যুক্তি, এসব ব্যালট অন্য ব্যালটের সঙ্গে মিশে গেলে পরে ভোটারদের অযোগ্য প্রমাণিত হলে সেগুলো শনাক্ত করে বাদ দেওয়ার কোনো উপায় থাকবে না।
তবে ক্যালিফোর্নিয়ার দাবি, তালিকাটি নির্ভরযোগ্য নয় এবং এতে হাজারো মার্কিন নাগরিকের নামও থাকতে পারে।
গত অক্টোবরের শুরু থেকেই ভোটগ্রহণ চলছে। প্রায় ২ কোটি ৩০ লাখ নিবন্ধিত ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। এরই মধ্যে কয়েক লাখ ভোটার ভোট দিয়েছেন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!