দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন প্রবীণ বাসিন্দা। রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৬৪০ কিলোমিটার দক্ষিণে পিত্রুফকেনের এল এদেন বৃদ্ধাশ্রমে এই আগুন ও প্রাণহানির ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত কীভাবে, তা এখনও জানা যায়নি।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, নিহতরা সবাই ওই বৃদ্ধাশ্রমের বাসিন্দা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় গত শুক্রবার রাতে আগুন লাগার এই ঘটনায় আরও ১০ জনকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মামলাটির তদন্তে নেতৃত্ব দেওয়া সরকারি কৌঁসুলি হোর্হে গ্রানাদা বলেছেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এই মুহূর্তে স্পষ্ট নয়।
চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত বলেছেন, দেশের সব বৃদ্ধাশ্রমের পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন তিনি।
কাস্ত বলেন, 'কী ঘটেছে তা পরিষ্কার করতে এবং তদারকি বা অগ্নিকাণ্ড প্রতিরোধে কোথাও কোনো ব্যর্থতা ছিল কি না, তা খুঁজে বের করতে আমরা বিচার বিভাগের সঙ্গে পূর্ণ সহযোগিতা করব। কী ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছিল এবং সেগুলোর ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তাও খতিয়ে দেখা হবে।'
তিনি আরও বলেন, 'আমাদের সত্যটা জানতে হবে। এরপর যা যা সংশোধন করা প্রয়োজন, তা করতে হবে, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।'
বিবিসি বলছে, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে শনিবার সকালে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর শনিবারও দমকলকর্মীরা ঘটনাস্থলে ধ্বংসাবশেষ সরানো এবং ধসে পড়া ঢেউটিনের ছাদ সরানোর কাজ করছিলেন।
নিরাপত্তার কারণে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছিল। স্থানীয় মেয়র জ্যাকলিন রোমেরো বলেন, 'এটি এমন এক ঘটনা, যা আমাদের গভীর দুঃখ ও কষ্টে নিমজ্জিত করেছে। আমরা নিহতদের পরিবারের পাশে আছি এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি।'
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!