মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবার সংযুক্ত আরব আমিরাতকেও সরাসরি ছুঁয়ে গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের পক্ষ থেকে নতুন করে নিক্ষিপ্ত একাধিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। এর মধ্যেই দুবাইয়ের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, শহরের পাম আইল্যান্ড এলাকায় কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা গেছে। পরবর্তীতে দুবাই কর্তৃপক্ষ নিজেরাই নিশ্চিত করেছে যে পাম জুমেইরাহ এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দুবাই সিভিল ডিফেন্স জানিয়েছে, ঘটনার খবর পাওয়ামাত্র জরুরি দল ঘটনাস্থলে ছুটে যায় এবং দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিভিয়ে এলাকা নিরাপদ করা হয়েছে বলেও জানানো হয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আমিরাতের কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, বাসিন্দা ও পর্যটক সকলের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। জনগণকে স্থির থাকার এবং কেবল সরকারি নিশ্চিত সূত্র থেকে তথ্য গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, সামাজিক মাধ্যমে অযাচাই করা ছবি বা ভিডিও ছড়িয়ে না দেওয়ার বিশেষ আহ্বান জানানো হয়েছে।
শারজাহ বিমানবন্দরে অনির্দিষ্টকালের জন্য সব ফ্লাইট স্থগিত
একই পরিস্থিতিতে আমিরাতের শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনো ফ্লাইট ওঠানামা করবে না। চলমান নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
যাত্রীদের আপাতত বিমানবন্দরে না আসতে এবং সর্বশেষ তথ্যের জন্য সরাসরি নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
এদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতে নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি একজন পাকিস্তানি নাগরিক। নিহতের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে আমিরাত সরকার।
একই সঙ্গে বেসামরিক নাগরিক ও স্থাপনাকে লক্ষ্য করে এ ধরনের হামলাকে আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী এবং সর্বোতভাবে নিন্দনীয় বলে উল্লেখ করেছে আমিরাত সরকার।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!