ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর হামলার দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি নেতানিয়াহুর ওপর হামলার নয়। এটি ২০১৩ সালে বুলগেরিয়ার এক রাজনৈতিক নেতার ওপর হামলার পুরোনো দৃশ্য।
ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রচার করে দাবি করা হচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর হামলা হয়েছে। এমন দাবিতে প্রকাশিত কয়েকটি পোস্ট দেখা গেছে।
ভিডিওটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে 'অনলুকার ইউকে' নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৩ সালের ২০ জানুয়ারি প্রকাশিত এর একটি পরিষ্কার ও দীর্ঘ সংস্করণ পাওয়া যায়। ভিডিওটির বর্ণনায় বলা হয়েছে, বুলগেরিয়ার একজন জাতিগত সংখ্যালঘু নেতার ওপর বন্দুক দিয়ে হামলার চেষ্টা করা হয়েছিল।
এ বিষয়ে আরও অনুসন্ধানে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে ২০১৩ সালের ২১ জানুয়ারি প্রকাশিত একই ঘটনার একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, বুলগেরিয়ার মুভমেন্ট ফর রাইটস অ্যান্ড ফ্রিডমসের (এমআরএফ) নেতা আহমেদ দোগান টেলিভিশনে সরাসরি বক্তব্য দেওয়ার সময় এক যুবক তার দিকে বন্দুক তাক করে হামলার চেষ্টা করেন। তবে বন্দুকটি কাজ না করায় তিনি প্রাণে বেঁচে যান।
অর্থাৎ নেতানিয়াহুর ওপর হামলার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ২০১৩ সালে বুলগেরিয়ার রাজনৈতিক নেতা আহমেদ দোগানের ওপর হামলার চেষ্টার দৃশ্য। পুরোনো একটি ভিডিওকে সাম্প্রতিক ঘটনার দৃশ্য হিসেবে প্রচার করা হচ্ছে। প্রচারিত দাবিটি সঠিক নয়।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!