মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইনজেকশনের মতো কম যন্ত্রণাদায়ক পদ্ধতিতে শাস্তি কার্যকরের আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, আপাতত দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ফাঁসিই বহাল থাকবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি বিক্রমনাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এ বিষয়ে রায় দেন। বেঞ্চ মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ফাঁসির সাংবিধানিক বৈধতা বহাল রেখে বিকল্প পদ্ধতির আবেদন প্রত্যাখ্যান করেন।
আবেদনকারী আইনজীবী ঋষি মালহোত্রা ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইনজেকশন, গুলি, বিদ্যুৎস্পৃষ্ট করা বা গ্যাস চেম্বারের মতো পদ্ধতি ব্যবহারের আবেদন জানিয়েছিলেন। তার দাবি ছিল, এসব পদ্ধতিতে তুলনামূলক কম যন্ত্রণায় দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব।
আবেদনে বলা হয়, ফাঁসি একটি অমানবিক ও যন্ত্রণাদায়ক পদ্ধতি। তাই ফৌজদারি কার্যবিধির ৩৫৪(৫) ধারায় ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের বিধানকে অসাংবিধানিক ঘোষণা করার আবেদন জানানো হয়। একই সাথে সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে মর্যাদাপূর্ণ মৃত্যুর অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতির দাবিও করা হয়।
আবেদনকারী পক্ষের যুক্তি ছিল, ফাঁসির পর মৃত্যু নিশ্চিত করতে দীর্ঘ সময় লাগে। অন্যদিকে প্রাণঘাতী ইনজেকশন বা অন্য কিছু বিকল্প পদ্ধতিতে কয়েক মিনিটের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।
তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এ বিষয়ে আগের তিনটি রায় বৃহত্তর বেঞ্চে পাঠানোর মতো পর্যাপ্ত কারণ নেই। তাই সেই আবেদনও খারিজ করা হয়েছে।
আদালত অবশ্য বলেছে, এই রায়ই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নয়। ভবিষ্যতে বিকল্প পদ্ধতি নিয়ে নতুন বৈজ্ঞানিক তথ্য বা প্রমাণ পাওয়া গেলে বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে। পাশাপাশি কেন্দ্র চাইলে মৃত্যুদণ্ড কার্যকরের বিকল্প পদ্ধতি পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করতে পারে।
এর আগে শুনানিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তবে সরকার মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি পরিবর্তনে অনাগ্রহ দেখানোয় আদালত অসন্তোষ প্রকাশ করেছিল।
২০২৫ সালের শুনানিতে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল, প্রচলিত এই পদ্ধতি অনেক পুরোনো এবং সময়ের সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হয়েছে।
সর্বশেষ রায়ে ভারতের সর্বোচ্চ আদালত স্পষ্ট করেছে, নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত ফাঁসির মাধ্যমেই মৃত্যুদণ্ড কার্যকর হবে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!