ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি থেকে যুগ্ম আহ্বায়কসহ ১৪ নেতা পদত্যাগ করেছেন। শনিবার (২২ আগস্ট) বিকেলে ফুলবাড়ীয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার উমর শরীফ। তিনি অভিযোগ করেন, উপজেলা কমিটি গঠনে ‘ফ্যাসিস্টদের দোসর’ ও হত্যা মামলার আসামিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া কমিটির আহ্বায়ক মঞ্জুরুল হক মামুন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা অবস্থায় এনসিপির দায়িত্ব পেয়েছেন বলেও অভিযোগ ওঠে।
উমর শরীফ জানান, এসব বিষয়ে জেলা ও কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তারা উপজেলা কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সানাউল্লাহ ও যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম রফিকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। পদত্যাগকারীদের মধ্যে উপজেলা কমিটির জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক ও জুলাই শহীদ হাফিজের স্ত্রী আকলিমা আখতার আঁখিও রয়েছেন।
অভিযোগ অস্বীকার করে উপজেলা এনসিপির আহ্বায়ক মঞ্জুরুল হক মামুন জানান, যারা পদত্যাগ করেছেন, তারাই এর কারণ ভালো জানেন। উপজেলা কমিটিতে হত্যা মামলার আসামি বা জাতীয় পার্টির কেউ আছেন কি না, তা তার জানা নেই।
উল্লেখ্য, গত ৭ আগস্ট ময়মনসিংহ জেলা এনসিপি ৫১ সদস্যবিশিষ্ট ফুলবাড়ীয়া উপজেলা কমিটি অনুমোদন দেয়। কমিটি অনুমোদনের মাত্র ১৬ দিনের মাথায় ১৪ নেতার পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!