উৎসবের রঙে সাজছে...
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় ঘুমের মধ্যেই এক পরিবারের ৪ সদস্য নিহত

গাজায় ইসরায়েলি হামলায় ঘুমের মধ্যেই এক পরিবারের ৪ সদস্য নিহত
লেখা বড়/ছোট করুন:

আন্তর্জাতিক ডেস্ক: গাজার বেইত লাহিয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে ভাঙা একটি বাড়িতে এই হামলা চালানো হয় বলে খবর দিয়েছে আল জাজিরা।

গাজা সিটির আল-শিফা হাসপাতালের এক কর্মকর্তা জানান, বেইত লাহিয়া প্রজেক্ট এলাকায় ওই বাড়িতে হামলার পর আহমেদ পরিবারের চার সদস্যের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। নিহত দুই শিশুর বয়স ১২ ও ৮ বছর বলে জানিয়েছেন তিনি।

গাজার অপর একটি সূত্র জানায়, বুধবার মধ্যরাতের পর বেইত লাহিয়ায় এবং আলাদাভাবে জাবালিয়া শরণার্থী শিবিরের কেন্দ্রস্থলে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এছাড়া বাস্তুচ্যুত মানুষের তাঁবু ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করেও বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী।

গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হলেও গাজায় নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় নেতৃত্ব দেওয়া হামাসকে লক্ষ্য করে হামলায় কোনো শিথিলতা আনা হবে না। আর হামাস তাদের সব অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত গাজা থেকে কোনো সৈন্য প্রত্যাহার করা হবে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। একই সময়ে পাঁচ সেনাসদস্য এবং একজন বেসামরিক ঠিকাদারের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী।


আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!