হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম। সোমবার (১০ আগস্ট) বিকেলে হাইকোর্ট এই জামিন মঞ্জুর করেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের 'ব্যক্তিগত মুহূর্তের' একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তাকে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যায়। এ ঘটনার পর গত ২২ জুলাই ভুক্তভোগী ওই তরুণীর মামা ওবায়দুর রহমান বাদী হয়ে এমপি গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় হত্যাচেষ্টার মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, বাদী ওবায়দুর রহমান এমপি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে এমপির সঙ্গে তার ভাগ্নির অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে ওবায়দুর রহমান এমপিকে সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে প্রাণনাশের হুমকি দেন।
বাদীর অভিযোগ, সম্প্রতি মগবাজারের একটি চক্র এমপি ও তার ভাগ্নির কিছু 'অপ্রীতিকর ভিডিও' সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। এতে নজরুল ইসলামের সন্দেহ হয়, ওবায়দুর রহমানই গোপন ভিডিও ধারণ করে গণমাধ্যম ও ওই চক্রের হাতে তুলে দিয়েছেন। এ নিয়ে বিরোধের জেরে গত ১৪ জুলাই এমপি নজরুল ইসলামের নির্দেশে অন্য আসামিরা তার ওপর হামলা চালায়।
এজাহারে আরও বলা হয়, ঘটনার দিন বেলা ১১টার দিকে আসামি আমিনুর রহমান বাদীকে কৌশলে ড্রইংরুমে ডেকে নেন। সেখানে অন্য আসামিরা মিলে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে আমিনুর তাকে ফ্লোরে ফেলে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। ওবায়দুর রহমানের মা ও ছোট বোন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরবর্তীতে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন।
উল্লেখ্য, ভিডিও ভাইরালের পর সম্প্রতি এমপি গাজী নজরুল ইসলামের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরে জরুরি বৈঠকে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২২ জুলাই বিকেলে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!