উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
লেখা বড়/ছোট করুন:

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলনের ষষ্ঠ দিনে গাজীপুরের বড়বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর বোর্ডবাজার সংলগ্ন বড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আন্দোলনরত শ্রমিকেরা মহাসড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। জবাবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সংঘর্ষের একপর্যায়ে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা নগরীর বাসন থানায় হামলার চেষ্টা চালান। তারা থানার ভেতরের অংশ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং লাঠিসোঁটা নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা চালান। এ সময় পুলিশ আবারও টিয়ারশেল নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকাল থেকে শিল্পাঞ্চলের অন্যান্য স্থানের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বড়বাড়ী এলাকায় এই বিচ্ছিন্ন ঘটনাটি ঘটে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!