উৎসবের রঙে সাজছে...
অন্যান্য

সাজেকে দুই পক্ষের পাল্টাপাল্টি অবরোধ, চরম দুর্ভোগে জনজীবন

সাজেকে দুই পক্ষের পাল্টাপাল্টি অবরোধ, চরম দুর্ভোগে জনজীবন
লেখা বড়/ছোট করুন:

রাঙামাটির সাজেক সড়কে দুই পক্ষের পাল্টাপাল্টি অবরোধ কর্মসূচি চলছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বুধবার (৪ নভেম্বর) সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে চার দফায় ঘোষিত অবরোধের অংশ হিসেবে তৃতীয় দিনের মতো কর্মসূচি পালিত হচ্ছে।

তবে বুধবার সকাল থেকে অবরোধের মধ্যেও উৎপাদিত কৃষিপণ্য পরিবহন এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী যানবাহন চলাচলে ছাড় দেওয়া হয়েছে।

অন্যদিকে সাজেক পর্যটন সড়ক অবিলম্বে সচল করা এবং পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী তৎপরতা বন্ধের দাবিতে বুধবার ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি নামে একটি সংগঠন।

সংগঠনটির দাবি, গত ১১, ১৫ ও ২২-২৩ অক্টোবর এবং সর্বশেষ ২ নভেম্বর সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে অবরোধ কর্মসূচি পালন করা হয়। তাদের অভিযোগ, এসব কর্মসূচির পেছনে চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর মদদ রয়েছে। ধারাবাহিক অবরোধের কারণে সাজেক পর্যটন সড়ক, স্থানীয় পর্যটনশিল্প এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির আরও দাবি, অবরোধের কারণে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করা যাচ্ছে না। এতে ব্যবসায়ী, যানবাহনের মালিক ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। পাশাপাশি সাধারণ মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং সরকারও রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এসব পরিস্থিতি বিবেচনায় পর্যটন সড়ক সচল ও পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বন্ধের দাবিতে তারা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে।

এদিকে দুই পক্ষের কর্মসূচির কারণে সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে অবরোধ পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আপনার প্রতিক্রিয়া কেমন?

শেয়ার করুন:

মন্তব্য (0)

আপনার মন্তব্য লিখুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!