অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, সরকারদলীয় কয়েকজন সদস্য কমিটিকে ‘অলংকারিক কমিটি’ হিসেবে নিয়েছেন।
রোববার (২৩ আগস্ট) দুপুরে জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ জানান, এনবিআরের কাঠামোগত সংস্কার, ট্যাক্স-জিডিপি অনুপাতসহ চারটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী ও এনবিআরের কর্মকর্তারা ইতিবাচক অবস্থান নিলেও সরকারদলীয় কয়েকজন সদস্যের অসহযোগিতায় কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
তিনি বলেন, ‘সভাপতি না হয়েও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে চিফ হুইপ অযাচিত হস্তক্ষেপ করেন। কমিটির সরকারদলীয় সদস্যরা বৈঠকে আন্তরিক না হয়ে এটিকে অলংকারিক হিসেবে নিয়েছেন।’
প্রথম বৈঠকেও সরকারদলীয় সদস্যরা প্রস্তুত ছিলেন না এবং দ্বিতীয় বৈঠকেও একই চিত্র দেখা গেছে উল্লেখ করে তিনি বলেন, বন্দর, ব্যাংক ও এনবিআরের মধ্যে সমন্বিত ডিজিটাল ডাটাবেজ তৈরি, করের আওতা বাড়ানো, কমলাপুর ডিপোর সক্ষমতা বৃদ্ধি ও রাজস্ব ব্যবস্থাপনা কার্যকর করতে প্রস্তাব দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!