টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। সোমবার (২৪ আগস্ট) ও মঙ্গলবার (২৫ আগস্ট) টানা বৃষ্টি অব্যাহত রয়েছে; সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। বজ্রপাত, বজ্রঝড় ও দমকা বাতাসসহ ভারী বৃষ্টির আশঙ্কায় রাজধানীতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
সোমবার জলাবদ্ধ সড়ক, কোমরসমান পানি ও ধীরগতির যান চলাচলে কার্যত অচল হয়ে পড়ে দিল্লি। মঙ্গলবারও বৃষ্টি অব্যাহত এবং পরবর্তী দুই-তিন ঘণ্টায় দিল্লির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি। সেন্ট্রাল, ইস্ট, নিউ, নর্থ, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, শাহদারা, সাউথ, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট ও ওয়েস্ট দিল্লির জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।
দিল্লি বিমানবন্দরে এখনও উড়োজাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে, যদিও সোমবার বৈরী আবহাওয়ায় মোট ১৫টি ফ্লাইট (৩টি আন্তর্জাতিক) জয়পুর, চণ্ডীগড় ও লখনউয়ে সরিয়ে নেওয়া হয়।
আইএমডির বিজ্ঞানী ড. শশী কান্তের মতে, এই তীব্র বৃষ্টির কারণ—উত্তরের শুষ্ক বাতাস ও পশ্চিমবঙ্গের কাছে নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পযুক্ত পূর্বের বাতাস দিল্লির দিকে প্রবাহিত হওয়া, যা বজ্রঝড়সহ তীব্র বৃষ্টি তৈরি করছে।
সোমবার এক ঘণ্টার বৃষ্টিতে দিল্লির পাশের শহর গুরগাঁওয়ের বিভিন্ন এলাকা ব্যাপক জলাবদ্ধতার কবলে পড়ে। গুরগাঁও প্রশাসন অফিসগুলোর কর্মীদের বাড়ি থেকে কাজ এবং স্কুলগুলোকে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশনা দিয়েছে।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!