পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। এতে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান মিশেল সেনসি-কনটুজি ও তার স্ত্রীসহ সাতজন নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সামবুরু কাউন্টিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে তারা প্রাণ হারান। নিহত অন্য পাঁচজনই মার্কিন নাগরিক বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটে কেনিয়ার সামবুরু কাউন্টিতে ইউরোকপ্টার ইসি১৩০ বি৪ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) জানিয়েছে, হেলিকপ্টারটি লইসাবার একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা থেকে ইওয়াসো নিয়িরো নদীর দিকে যাচ্ছিল।
দুর্ঘটনায় ইকুয়েডরের স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স সেন্টারের মহাপরিচালক (৪৪) মিশেল সেনসি-কনটুজি ও তার স্ত্রী নিহত হন। ইকুয়েডরের প্রেসিডেন্টের কার্যালয় ও সাবেক প্রেসিডেন্ট গিলের্মো লাসো তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
নিহত মার্কিন নাগরিকদের মধ্যে এনবিসিইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবার্তো সুয়ারেজ ও মিয়ামির রেস্তোরাঁ ব্যবসায়ী রজার দুয়ার্তে রয়েছেন। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।
হেলিকপ্টারটি পরিচালনাকারী প্রতিষ্ঠান লেডি লরি হেলিকপ্টারস দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা নতুন নয়—চলতি বছর ফেব্রুয়ারিতে নান্দি কাউন্টিতে বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে একজন সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালে সেনাপ্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লাও হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!