ইরানের হেনগাম দ্বীপ ও কেশম দ্বীপের কাছে দেশটির বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
কেশমের গভর্নর হোসেইন আমির তেইমুরি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে এক ইরানি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত এবং চারজন আহত হন। আমির তেইমুরি ঘটনাটিকে 'মার্কিন সন্ত্রাসী শত্রুর' হামলা হিসেবে বর্ণনা করেছেন।
হরমুজ প্রণালিতে ক্রমেই বাণিজ্যিক জাহাজে পাল্টাপাল্টি হামলার ঘটনা বাড়ছে। একই দিনে হরমুজে আরও একটি জাহাজে 'অজ্ঞাত বস্তুর' আঘাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও)। তবে জাহাজটি কোন দেশের বা কী পণ্য বহন করছিল, সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন নৌযানগুলোকে হরমুজ প্রণালির কাছে না আসার হুঁশিয়ারি দিয়েছেন। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে করা দাবিকে চ্যালেঞ্জ করেছেন তিনি।
ওই কর্মকর্তা বলেন, 'হরমুজ প্রণালি যদি আমেরিকার নিয়ন্ত্রণে থাকে, তাহলে এগিয়ে আসুন। আপনাদের একটি যুদ্ধজাহাজ ১০০ কিলোমিটারের মধ্যে নিয়ে আসুন।' আইআরজিসি নৌবাহিনীর ওই উপ-রাজনৈতিক কমান্ডার আরও বলেন, মার্কিন বাহিনী জানে যে, তাদের কোনো নৌযান ওই এলাকার দিকে এগিয়ে এলে ইরানি বাহিনী তার জবাব দেবে। সাম্প্রতিক দিনগুলোতেও এ ধরনের ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!